খুঁজুন
advertisement
advertisement
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ২৬ ভাদ্র, ১৪৩৩

সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে বেশি দরে টেন্ডার, বছরে ৩৮ লাখ টাকা লোকসানের শঙ্কা

বার্তা বিভাগ
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১:১১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে বেশি দরে টেন্ডার, বছরে ৩৮ লাখ টাকা লোকসানের শঙ্কা

যোগফল প্রতিবেদক:

পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে রোগীদের খাবার ও স্টেশনারি সামগ্রী সরবরাহের টেন্ডারে সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে বেশি দরে অন্য প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়ার অভিযোগ উঠেছে। এতে সরকারের বছরে প্রায় ৩৮ লাখ টাকা অতিরিক্ত ব্যয় হতে পারে বলে দাবি করেছেন সর্বনিম্ন দরদাতা সরবরাহকারী মো. আলতাফ হোসেন।

এ ঘটনায় হাসপাতালের তত্ত্বাবধায়ক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ও পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি।

অভিযোগে আলতাফ হোসেন বলেন, গত ১১ আগস্ট অনুষ্ঠিত দরপত্রে রোগীদের খাবার ও স্টেশনারি—দুই গ্রুপেই তিনি সর্বনিম্ন দরদাতা হন। রোগীদের খাবার সরবরাহের জন্য তিনি ১ কোটি ২৭ লাখ টাকা দর দেন। তবে ১ কোটি ৫৯ লাখ টাকা দর দেওয়া অন্য একটি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এতে ওই কাজে ৩২ লাখ টাকা বেশি ব্যয় হবে।

অন্যদিকে, স্টেশনারি সামগ্রী সরবরাহের জন্য আলতাফ হোসেনের দর ছিল ১২ লাখ টাকা। সেখানে ১৮ লাখ টাকা দর দেওয়া একটি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এ ক্ষেত্রে অতিরিক্ত ব্যয় হবে ৬ লাখ টাকা। দুই গ্রুপ মিলিয়ে মোট ৩৮ লাখ টাকা বেশি ব্যয়ে কার্যাদেশ দেওয়া হয়েছে বলে দাবি তার।

আলতাফ হোসেন জানান, নিয়ম অনুযায়ী রোগীদের খাবারের জন্য ৫ লাখ টাকা এবং স্টেশনারির জন্য ৫০ হাজার টাকার পে-অর্ডারসহ দরপত্র জমা দিয়েছিলেন তিনি। দীর্ঘ আট থেকে নয় বছর ধরে পটুয়াখালী সদর হাসপাতালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে মালামাল সরবরাহ করে আসছেন বলেও জানান তিনি। তার বিরুদ্ধে নিম্নমানের পণ্য সরবরাহ বা অনিয়মের কোনো অভিযোগ নেই বলে দাবি করেন এই সরবরাহকারী।

দরপত্র প্রক্রিয়া পর্যালোচনা ও তদন্ত করে বিধি অনুযায়ী তাকে কার্যাদেশ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

সর্বনিম্ন দরদাতাকে কেন কার্যাদেশ দেওয়া হয়নি, তা জানতে পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজার সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

তবে তিনি ছুটিতে থাকায় দায়িত্বে থাকা পটুয়াখালী মেডিকেল কলেজের সহকারী পরিচালক ডা. কবির হাসান বলেন, অর্থ-সংশ্লিষ্ট বিষয়গুলো তত্ত্বাবধায়ক ভালো বলতে পারবেন। তিনি এ বিষয়ে অবগত নন।

পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, সব সরকারি দপ্তরকে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫ অনুযায়ী ক্রয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে ‘ভ্যালু ফর মানি’ নীতিকে অগ্রাধিকার দেওয়া উচিত।

তিনি আরও বলেন, কেউ এর ব্যত্যয় ঘটালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

ময়মনসিংহে যুবকের গায়ে পেট্রোল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

বার্তা বিভাগ
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ৬:০৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ময়মনসিংহে যুবকের গায়ে পেট্রোল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

যোগফল প্রতিবেদক:

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মুক্তাগাছা পৌর শহরের মধ্যহিস্যা এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফরহাদের মৃত্যু হয়।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ফরহাদ হোসেন মধ্যহিস্যা এলাকার আব্দুস সাত্তারের ছেলে। তিনি পেশায় সবজি বিক্রেতা ছিলেন। পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের দাবিসহ বিভিন্ন সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হওয়ারও ঘোষণা দিয়েছিলেন তিনি।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে নিজ বাসা থেকে বের হন ফরহাদ। কিছুদূর যাওয়ার পর একটি নির্জন এলাকায় পেছন থেকে একদল দুর্বৃত্ত তার শরীরে পেট্রোল ঢেলে দেয়। পরে তাদের একজন তার শরীরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

এতে ফরহাদের শরীরের নিচের অংশসহ সিংহভাগ ঝলসে যায়। প্রাণ বাঁচাতে তিনি পাশের একটি জলাশয়ে লাফিয়ে পড়েন। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

পরে তাকে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

ফরহাদের বাবা আব্দুস সাত্তার বলেন, তার ছেলে মাদকের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচিসহ সামাজিক নানা আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। এসব বিষয় নিয়ে কয়েকজনের সঙ্গে তার বিরোধ ছিল। তারাই এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।

মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফরহাদের সঙ্গে পুলিশ কথা বলেছে এবং তার বক্তব্য রেকর্ড করা হয়েছে।

ওসি জানান, ফরহাদ পুলিশকে বলেছেন, বাসা থেকে বের হয়ে কিছুটা দূরে নির্জন স্থানে যাওয়ার পর পেছন থেকে একজন তার শরীরে পেট্রোল ছিটিয়ে দেন। এরপর অপর একজন আগুন ধরিয়ে দেন। তবে তাদের কাউকেই তিনি চিনতে পারেননি।

তিনি আরও বলেন, কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

হামের দ্বিতীয় দফার বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর

বার্তা বিভাগ
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
হামের দ্বিতীয় দফার বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর

যোগফল প্রতিবেদক: 

হামের সংক্রমণ মোকাবিলায় আগামী ২৫ সেপ্টেম্বর থেকে দেশে দ্বিতীয় দফায় বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। এ ক্যাম্পেইনের জন্য অধিকাংশ টিকা ইউনিসেফের মাধ্যমে দেশে পৌঁছেছে। অবশিষ্ট টিকাও আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে দেশে পৌঁছাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ধানমণ্ডির ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশনে অ্যাসোসিয়েশন ফর ডিজএবলড পিপল (এডিপি) ও রোটারি ক্লাব আহসান মঞ্জিল আয়োজিত ‘বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস’ উপলক্ষে সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের টিকাদান ক্যাম্পেইন শেষ হওয়ার পরও সংক্রমণ অব্যাহত থাকায় সরকার মপ-আপ কার্যক্রম পরিচালনা করেছে। এর আওতায় নতুন করে ১৪ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আগের সরকার দেশে কোনো টিকা রেখে যায়নি। এমন পরিস্থিতিতে বর্তমান সরকার মাত্র ২১ দিনের মধ্যে ১ কোটি ৮৫ লাখ শিশুর জন্য টিকা সংগ্রহ করে টিকাদান কার্যক্রম সম্পন্ন করেছে।

ডেঙ্গু চিকিৎসায় উপজেলা পর্যায়ে জোর

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ঢাকার হাসপাতালগুলোতে রোগীর চাপ কমাতে প্রান্তিক পর্যায়ের হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা জোরদার করা হয়েছে।

প্রতিটি হাসপাতালে আইসোলেশন বেড প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি মোবাইল হাসপাতালের ব্যবস্থাও রাখা হয়েছে।

মন্ত্রী বলেন, উপজেলা পর্যায়েই রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে টারশিয়ারি হাসপাতালগুলোর ওপর চাপ কমবে। এ জন্য সোসাইটি অব মেডিসিনের মাধ্যমে উপজেলা পর্যায়ের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

মেহেন্দিগঞ্জে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বার্তা বিভাগ
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
মেহেন্দিগঞ্জে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 যোগফল প্রতিবেদক:

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন ১নং আন্ধারমানিক ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে র‍্যালি, আলোচনা সভা, কেক কাটা এবং দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।

বিকেল ৪টার দিকে আন্ধারমানিক ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আন্ধারমানিক মাধ্যমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

পরে বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১নং আন্ধারমানিক ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক মোসা. মাসুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্ধারমানিক ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাস্টার সিরাজুল হক।

১নং আন্ধারমানিক ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য সচিব মোসা. কানিজ ফাতেমা ডেইজির সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও জাতীয়তাবাদী মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম